সাকিনা সারোয়ার

সাকিনা সারোয়ার

সাকিনা সারোয়ার। আমাদের প্রিয় সাথী আপা। প্রতিষ্ঠার পর এ দেশের টেলিভিশন (উপমহাদেশের প্রথম টেলিভিশন কেন্দ্র, পিটিভির ঢাকা কেন্দ্র) মুস্তফা মনোয়ার, খালেদা ফাহমি, আবদুল্লাহ আল মামুন, আতিকুল হক চৌধুরী, মোস্তফা কামাল সৈয়দ, বদরুন্নেসা আবদুল্লাহ সহ যে ক’জন মেধাবী, সৃষ্টিশীল প্রযোজকের ছোঁয়ায় বুৎপত্তি অর্জন করেছিলো সাকিনা সারোয়ার তাঁদেরই একজন। আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের সঙ্গে বিটিভির অনুষ্ঠানে কাজ করতাম সহকারী হয়ে। তখন টেলিভিশন ছিলো সাদাকালো। অনুষ্ঠানের নাম ‘সপ্তবর্ণা’। সেটা ছিলো দর্শক উপস্থিতিতে এই উপমহাদেশের প্রথম বিনোদন মুলক ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান। বৃহত্তর ঢাকা জেলা এবং নাটোর উপকেন্দ্রের মাধ্যমে বৃহত্তর রাজশাহী, পাবনা এবং বগুড়ার কিছু অংশের দর্শকেরাই তখন স্পষ্ট ভাবে সেই অনুষ্ঠান দেখতে পারতেন। সপ্তবর্ণা’র পর ‘চতুরঙ্গ’। এর মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে আনন্দমেলা, মধুছন্দা এবং কিছু বিশেষ অনুষ্ঠান। এ সময় স্যারের নেতৃত্বে বিশ্ব সাহিত্য কেন্দ্র শুরু হবার পর, বিনোদন মুলক অনুষ্ঠান না করে স্যার শুরু করলেন শিক্ষামূলক অনুষ্ঠান ‘মানচিত্র’। স্যারের কোন অনুষ্ঠানেই কোন সুনির্দিষ্ট প্রযোজক ছিলেন না। কখনো সাকিনা সারোয়ার, কখনো আলী ইমাম, কখনো শেখ রিয়াজুদ্দিন বাদশা, কখনো বদরুন্নেসা আবদুল্লাহ। বেশির ভাগ সময়ই থাকতেন সাকিনা সারোয়ার। আমাদের প্রিয় সাথী আপা। খুবই স্নেহ করতেন, মুখে মিষ্টি হাসি লেগেই থাকতো। শেখাতেন, বলে দিতেন। সাকিনা সারোয়ার ছাত্রী থাকা কালেই, ১৯৬৬ সালে, রাওয়ালপিন্ডি থেকে প্রচারিত পাকিস্তান টেলিভিশনের প্রথম বাংলা নাটক ‘নেপথ্যের নায়িকা’য়, নায়িকা চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি ঢাকা টেলিভিশনে অনুষ্ঠান ঘোষণা করেছেন নিয়মিত। পড়াশোনা শেষে ১৯৭০ সালের গোড়ায় প্রযোজক হিসেবে যোগ দেন। ‘ক আর খ’, ‘এসো গান শিখি’, ‘রুমঝুম’, গীতি নৃত্যনাট্য ‘বীরাঙ্গনা সখিনা’ সহ বহু আলোচিত এবং প্রশংসিত অনুষ্ঠান প্রযোজনা করেছেন তিনি। তাঁর প্রযোজিত অনুষ্ঠান পেয়েছে আন্তর্জাতিক টেলিভিশন পুরস্কার। তাঁর প্রযোজিত সবশেষ অনুষ্ঠান সুবীর নন্দী ও শেখ সাদী খানের অংগ্রহণে ‘গান গুলি মোর’ প্রচারিত হয় ১৯৮৮ সালে। এরপর তিনি অবসরগ্রহণ করেন। পরবর্তীতে তিনি চলে যান ইংল্যান্ড। সেখানেই বসাবাস করতেন। ২০২২ সালের ১ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে ইন্তেকাল করেন সাকিনা সারোয়ার। প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।

সাকিনা সারোয়ার

সাকিনা সারোয়ার  

সাকিনা সারোয়ার

সাকিনা সারোয়ার   

সাকিনা সারোয়ার

সাকিনা সারোয়ার

You must be logged in to post a comment.